ক্রিকেট

ভেন্যু চূড়ান্ত না করেই সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু আইসিসির

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা থাকলেও টিকিট বিক্রি শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি।

মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে সম্ভাব্য চারটি শহরের জন্যই অনলাইনে টিকিট ছাড়া হয়েছে। ভেন্যু চূড়ান্ত না করেই টিকিট বিক্রির এই সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিভ্রান্তি বেড়েছে।

প্রাথমিক সূচি অনুযায়ী কলকাতা ও মুম্বাইয়ে দুটি সেমিফাইনাল এবং অহমেদাবাদে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তবে অহমেদাবাদ থেকে ফাইনাল ম্যাচটি সরে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ ভারতের মাটিতে খেলতে আপত্তি রয়েছে পাকিস্তানি ক্রিকেটার সলমন আলি আগাদের। সে ক্ষেত্রে ম্যাচটি কলম্বোয় স্থানান্তরিত হতে পারে। একইভাবে প্রথম সেমিফাইনালও কলকাতা থেকে কলম্বোয় সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আইসিসি জানিয়েছে, আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে ওঠে, তবে দাসুন শনাকার দলকেও নিজেদের মাটিতে খেলার সুযোগ দেওয়া হবে। সে ক্ষেত্রে কলকাতার সেমিফাইনালটি কলম্বোয় আয়োজিত হবে। তবে মুম্বাইয়ের দ্বিতীয় সেমিফাইনাল আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই।

বর্তমানে কলকাতা, মুম্বাই, অহমেদাবাদ এবং কলম্বো এই চার ভেন্যুর জন্যই টিকিট বিক্রি চলছে। সেমিফাইনালিস্ট চার দল চূড়ান্ত হওয়ার পরই নকআউট পর্বের ভেন্যু নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটবে বলে ধারণা করা হচ্ছে।

এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language