বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে বরকতউল্লা বুলু

নোয়াখালী, ২৪ ফেব্রুয়ারি – নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকতউল্লা বুলু দাবি করেছেন যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকেই দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে। সোমবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জে প্রান্তিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
নিজের বক্তব্যের সপক্ষে উদাহরণ দিয়ে তিনি বলেন এলপিজি গ্যাসের দাম যেখানে ২২০০ থেকে ২৩০০ টাকা পর্যন্ত পৌঁছেছিল তা এখন ১২৮০ টাকার মধ্যে নেমে এসেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ধীরে ধীরে সব ধরণের পণ্যের দামই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।
রাষ্ট্র পরিচালনায় বিএনপির অতীত অভিজ্ঞতার আলোকে তারেক রহমান দেশ পরিচালনা করবেন বলে তিনি মন্তব্য করেন। ইফতার বিতরণ কর্মসূচির বিষয়ে বরকতউল্লা বুলু জানান তিনি পুরো বেগমগঞ্জে প্রায় ৩২ লাখ টাকার ইফতার সামগ্রী ৫ হাজার প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করবেন এবং পরবর্তীতে ঈদ সামগ্রীও প্রদান করা হবে।
এ সময় তিনি এলাকার বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন মাহে রমজান মাসে সমাজের স্বচ্ছল ব্যক্তিদের উচিত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো যাতে তারা সুন্দরভাবে ইফতার করতে পারেন। বিএনপি সাধারণ মানুষের পাশে আছে উল্লেখ করে তিনি বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।
উক্ত অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন ও সাধারণ সম্পাদক মহসিন আলমসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









