দক্ষিণ এশিয়া

সীমান্তে থাইল্যান্ড ও কম্বোডিয়ার বাহিনীর মধ্যে গোলাগুলি, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

থাইল্যান্ড, ২৪ ফেব্রুয়ারি – সীমান্ত এলাকায় মঙ্গলবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। প্রতিবেশী দেশটির বিরুদ্ধে গত ডিসেম্বরের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে তারা।

থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয় যে সীমান্ত প্রদেশ সিসাকেতে মঙ্গলবার সকালে থাই টহলদলের অবস্থান লক্ষ্য করে কম্বোডিয়ার বাহিনী একটি ৪০ মিলিমিটার গ্রেনেড নিক্ষেপ করে। এর জবাবে থাই সেনারাও পাল্টা গুলি চালায়। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এই ঘটনায় তাদের কোনো সদস্য আহত হননি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে ঘটনার পরপরই থাই বাহিনী সংঘর্ষের নিয়ম মেনে সতর্কবার্তা হিসেবে এবং নিজেদের রক্ষার্থে গুলির উৎসের দিকে লক্ষ্য করে এম৭৯ গ্রেনেড লঞ্চার থেকে পাল্টা আক্রমণ চালায়। সেনাবাহিনীর মুখপাত্র উইনতাই সুবারি জানিয়েছেন যে কম্বোডিয়ার এই পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন যা গত ডিসেম্বরের শেষ দিকে তিন সপ্তাহের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের অবসান ঘটিয়েছিল।

প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে কম্বোডিয়ার সেনা রোটেশনের কারণে নতুন সদস্যরা দায়িত্ব নেওয়ায় এই ঘটনা ঘটতে পারে কারণ তাদের কমান্ড নিয়ন্ত্রণ ও নিয়ম সম্পর্কে স্বচ্ছ ধারণা ছিল না। এই বিষয়ে কম্বোডিয়া কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য যে ফরাসি ঔপনিবেশিক আমলের প্রায় ৮০০ কিলোমিটার সীমান্ত নির্ধারণ নিয়ে দুই দেশের মধ্যে শতবর্ষী বিরোধ বিদ্যমান। গত বছর এই বিরোধের জেরে কয়েক দফা সংঘর্ষে সেনা ও বেসামরিক নাগরিকসহ বহু মানুষ প্রাণ হারান এবং জুলাই ও ডিসেম্বরে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হন।

এ এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language