বিজ্ঞান ও প্রযুক্তি

নোটপ্যাডে যুক্ত হচ্ছে ছবি সমর্থনের নতুন সুবিধা, টেক্সট ফাইলে আসছে পরিবর্তন

ওয়াশিংটন, ২৪ ফেব্রুয়ারি – স্মার্টফোন কিংবা কম্পিউটার ব্যবহারকারীদের কাছে দ্রুত নোট নেওয়ার জন্য নোটপ্যাড একটি জনপ্রিয় মাধ্যম। এতদিন এটি কেবল সাধারণ টেক্সট এডিটর হিসেবেই পরিচিত ছিল, তবে এবার এই সফটওয়্যারে বড় পরিবর্তন আসছে। মাইক্রোসফটের জনপ্রিয় এই টুলে যুক্ত হতে যাচ্ছে ‘ইমেজ সাপোর্ট’ সুবিধা।

অর্থাৎ ব্যবহারকারীরা এখন টেক্সট ফাইলের মধ্যেই ছবি যুক্ত করতে পারবেন। দাবি অনুযায়ী, উইন্ডোজ ১১-এ পরীক্ষামূলকভাবে এই ফিচারটি যাচাই করা হচ্ছে। সাধারণ টেক্সট এডিটরে ছবি যুক্ত করার সুবিধা এলে সফটওয়্যারের গতি কমে যাবে কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। তবে সূত্রের খবর, এতে পারফরম্যান্সে খুব একটা প্রভাব পড়বে না। এছাড়া ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে এই ফিচারটি বন্ধও রাখতে পারবেন।

সময়ের প্রয়োজনে নোটপ্যাডকে আধুনিক করছে মাইক্রোসফট। সাম্প্রতিক আপডেটগুলোতে টেক্সট বোল্ড, ইটালিক এবং হাইপারলিংক যুক্ত করার সুবিধা দেওয়া হয়েছে। একসময় ওয়ার্ডপ্যাডে ছবিসহ নানা ফিচার থাকলেও সেটি এখন আর নেই। ধারণা করা হচ্ছে, সেই শূন্যস্থান পূরণ করতেই নোটপ্যাডকে ধীরে ধীরে আরও সমৃদ্ধ করা হচ্ছে। ফিচারটি কবে সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে পরীক্ষামূলক ফলাফল ইতিবাচক হওয়ায় ব্যবহারকারীরা শীঘ্রই এই সুবিধা পাওয়ার আশা করছেন।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language