মুন্সীগঞ্জে ১০ টাকায় ইফতার সামগ্রী পেল ৫০০ পরিবার

মুন্সীগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি – পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জে ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন। সংগঠনটির আয়োজনে মাত্র ১০ টাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে, যা গ্রহণ করেছেন ৫০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবার। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় কামারখাড়া মাঠে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নামমাত্র মূল্যে নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত মানুষেরা।
স্বল্পমূল্যের এই ইফতার বাজারের খাদ্য পণ্যের প্রতিটি প্যাকেজে ছিল ৫০০ গ্রাম খেজুর, ১ কেজি করে ছোলা, বুট, মুড়ি, চিড়া, চিনি ও পেঁয়াজ এবং ১ লিটার সয়াবিন তেল। রমজান মাসে সাধারণ মানুষের ইফতারের দৈনন্দিন চাহিদা পূরণে এই সামগ্রী বিশেষ সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের প্রধান লক্ষ্য। ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হিরা, সাধারণ সম্পাদক মো. বিপ্লব হালদার, প্রতিষ্ঠাতা সদস্য মো. রবিন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য জসীম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









