লালমনিরহাট

লালমনিরহাটের উন্নয়নে প্রশাসনকে ১৮০ দিনের আল্টিমেটাম ত্রাণমন্ত্রীর

লালমনিরহাট, ২২ ফেব্রুয়ারি – লালমনিরহাট জেলার উন্নয়নে স্থবিরতা কাটিয়ে জনস্বার্থ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে ১৮০ দিনের বিশেষ ‘টার্গেট’ বেঁধে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রবিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কঠোর নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী জানান, জেলায় অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব, সে বিষয়ে প্রশাসনকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং আগামী ২৮ তারিখের মধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র ও পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মানুষের নাগরিক অধিকার ও সেবা নিশ্চিত করতে ওই পরিকল্পনার আলোকে আগামী ১৮০ দিনের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজগুলো সম্পন্ন করতে হবে। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও উল্লেখ করেন যে, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি পরিচালনা, জেলায় ফোর লেন সড়ক নির্মাণ, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা এবং বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে কার্যকর আলোচনা চলছে।

বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার পাশাপাশি সামাজিক শৃঙ্খলা রক্ষায়ও কঠোর বার্তা দিয়েছেন ত্রাণমন্ত্রী। তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মাদক ও ক্যাসিনো কালচার নির্মূলে কোনো ধরনের আপস করা হবে না। এর আগে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় জেলার সার্বিক পরিস্থিতি ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। এসময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language