কক্সবাজার

চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা, হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

কক্সবাজার, ২২ ফেব্রুয়ারি – কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ মুজিব নামের এক মাংস ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজারসংলগ্ন এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহত মোহাম্মদ মুজিব কাকারা ইউনিয়নের কসাইপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফকির মোহাম্মদের ছেলে এবং তিনি স্থানীয় বাজারে মাংস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের ছোট ভাই আবদুল মালেক জানান, শনিবার সন্ধ্যার দিকে একই এলাকার আরিফ নামের এক যুবক বাড়িতে এসে মুজিবকে ডাকেন। এরপর ইফতারের কিছু সামগ্রী কিনে স্ত্রী আনোয়ারা বেগমকে দিয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। রাত ১১টার দিকে শাহ ওমর মাজারের পাশে হাত, পা ও মুখে কসটেপ পেঁচানো অবস্থায় মুজিবকে পাওয়া যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, আরিফ ও তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও মামলা চলছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে আরিফ নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। অভিযুক্ত আরিফকে আটকের চেষ্টা চলছে এবং তাকে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, অভিযুক্ত আরিফ একজন চিহ্নিত মাদক কারবারি এবং এর আগেও মাদকসহ আটক হয়েছিলেন। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language