মানিকগঞ্জ

জান দেব কিন্তু জুলাই দেব না: ব্যারিস্টার আরমান

মানিকগঞ্জ,, ২১ ফেব্রুয়ারি – ‘জান দেবেন কিন্তু জুলাই দেবেন না’—এমন মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনে বিজয়ী সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম ওরফে ব্যারিস্টার আরমান। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, শহীদ ওসমান হাদী ও শহীদ আবু সাঈদের বিচার এই বাংলার মাটিতেই হবে। শনিবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরে তাঁর পিতা জামায়াত নেতা মীর কাসেম আলীর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আরমান নিজের গুম হওয়ার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি আমার পিতাকে ফাঁসি দেওয়ার কয়েক দিন আগে আমাকে গুম করে। আমি জানতেও পারিনি আমার পিতার কী হলো, আর আমার পরিবারও জানতে পারেনি আমার কী অবস্থা। আমি ধরেই নিয়েছিলাম আমার মৃত্যু হবে। কিন্তু মহান আল্লাহ তাঁর অপার করুণায় আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন।

’ তিনি শপথ ব্যক্ত করে বলেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, তাঁর ওপর হওয়া জুলুম যেন বাংলার মাটিতে আর কারও ওপর না হয়, সেজন্য তিনি নিজেকে নিয়োজিত রাখবেন। জনগণের সাংবিধানিক অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রয়োজনে জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না ইনশাআল্লাহ। এ সময় তিনি তাঁর বাবার ইসলামী আদর্শ নিয়ে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংসদ সদস্য হিসেবে অর্পিত দায়িত্ব পালনে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

কবর জিয়ারতের সময় কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম ও মানিকগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মো. ফজলুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএএস/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language