সীতাকুণ্ডে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

২১ ফেব্রুয়ারি – চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবদুর রহিম সজিব। শুক্রবার উপজেলার শীতলপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোর সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, ফেনী আদালতে দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আবদুর রহিমকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছিল। পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার র্যাবের একটি আভিযানিক দল সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আবদুর রহিম ফেনীর উত্তর চাড়িপুর এলাকার আবদুল হাইয়ের পুত্র। চট্টগ্রাম র্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন নিশ্চিত করেছেন যে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬









