ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ব্রাহ্মণবাড়িয়া, ২১ ফেব্রুয়ারি – যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় ব্রাহ্মণবাড়িয়ায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার একুশের প্রথম প্রহরে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সূচনা। ভাষা শহীদদের আত্মত্যাগের পথ ধরেই স্বাধীনতার আন্দোলনের সূচনা হয়, যা আমাদের গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে চলতে অনুপ্রেরণা জোগায়।

সংসদ সদস্য ও প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়। জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দল, উদীচি, রেড ক্রিসেন্ট, তরী বাংলাদেশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। দিবসটি উপলক্ষে সকাল থেকে দিনব্যাপী জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language