মধ্যপ্রাচ্য

শারজায় ‘উচ্ছ্বাস সংগীত নিকেতন’-এর আয়োজনে মাতৃভাষা দিবস পালন

শারজা, ২১ ফেব্রুয়ারি – সংযুক্ত আরব আমিরাতের শারজায় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে মহান অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ‘উচ্ছ্বাস সংগীত নিকেতন’ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গত শুক্রবার অনুষ্ঠিত এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু ছিল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

বিদেশি সংস্কৃতির আবহে থেকেও ক্ষুদে শিল্পীদের কণ্ঠে বাংলা কবিতার ছন্দ এবং দেশাত্মবোধক গানের সুর দর্শকদের মুগ্ধ করে। প্রবাসের যান্ত্রিক জীবনের মাঝেও শিশুদের হৃদয়ে দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পী তিথি সরকার ও রাজিব সাহা। আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক ও সংগীতশিল্পী বঙ্গ শিমুল জানান, প্রবাসে বেড়ে ওঠা শিশুদের শেকড়ের সন্ধান দেওয়া এবং বিশ্বমঞ্চে বাংলা সংস্কৃতির মর্যাদা সমুন্নত রাখাই তাদের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ সহযোগিতার জন্য প্রসেনজিৎ চৌধুরী ও পাপড়ি মল্লিকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এভাবেই বিদেশের মাটিতে বাঙালির প্রাণের ভাষা ও সংস্কৃতি চর্চা অব্যাহত থাকবে।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language