যূক্তরাষ্ট্র

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি বাতিল করল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

ওয়াশিংটন, ২০ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক আদেশ বাতিল ঘোষণা করেছেন। শুক্রবার এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানায়, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট বা আইইইপিএ ব্যবহার করে ট্রাম্প যেভাবে আমদানি পণ্যে ব্যাপক হারে শুল্ক আরোপ করেছিলেন, তা ছিল আইনত এখতিয়ারবহির্ভূত। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে আদালতের ছয় জন বিচারপতির সমর্থনে এবং তিন জনের বিরোধিতায় এই রায় প্রদান করা হয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, আইইইপিএ আইনের আওতায় কংগ্রেসের অনুমোদন ছাড়া এককভাবে শুল্ক নির্ধারণের ক্ষমতা প্রেসিডেন্টের নেই।

ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপের ক্ষেত্রে কংগ্রেসের স্পষ্ট অনুমোদনের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে রায়ে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প শুল্ক নীতিকে তার পররাষ্ট্র ও অর্থনৈতিক কৌশলের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছিলেন। চীন, কানাডা ও মেক্সিকোর মতো দেশগুলোর পণ্যের ওপর তিনি ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান, যা তিনি লিবারেশন ডে ট্যারিফ নামে অভিহিত করেন।

এসব সিদ্ধান্তের ফলে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছিল। অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী, এই আইনের মাধ্যমে ট্রাম্প প্রশাসন এ পর্যন্ত প্রায় ১৭৫ বিলিয়ন ডলারের বেশি শুল্ক আদায় করেছে। তবে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ব্যবসায়ীদের সেই বিপুল পরিমাণ অর্থ ফেরত পাওয়ার একটি জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসএএস/ ২০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language