জাতীয়

বিএনপি গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে: কাদের

সিরাজগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি – বিএনপি গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনগণ ও পুলিশকে এখন তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।

রবিবার সকালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের ঢাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

বিএনপির অপরাজনীতির ষোলোআনাই জনগণ এখন বুঝে ফেলছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না বরং বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে।

গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জনগণ যে রায় দিবে তা মেনে নেওয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে।

আরও পড়ুন : নিজস্ব আইনে কোস্ট গার্ডে জনবল নিয়োগ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটি অশুভ মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। আন্দোলন ও নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর তারা এখন দেশে বিদেশে ষড়যন্ত্রের ঝুলি খুলে বসেছে।

কাদের বলেন, দেশে এখন কোনো আন্দোলনের ইস্যু নেই। শেখ হাসিনার জনমুখী রাজনীতি বিএনপিকে আন্দোলনের ইস্যু সংকটে ফেলেছে।

সরকার নাকি আল জাজিরার প্রতিবেদনে বিএনপির সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ সত্যি নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ বলেছে আল জাজিরার আজগুবি প্রচারের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে সকল জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেসব এলাকায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি করতে হবে।

নিজের অবস্থান ভারী করার জন্য নিজস্ব লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী কর্মীদের এগিয়ে আনতে হবে।

তাড়াশ উপজেলা প্রান্তে এসময় বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ১৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language