পশ্চিমবঙ্গ

বাংলাদেশের নির্বাচন দেখে ভারতের কমিশনের শেখা উচিত: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি – বাংলাদেশে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি ভারতের নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেছেন।

মঙ্গলবার নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন যে বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে, অথচ ভারতের নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বাংলাদেশে নির্বাচনের সময় ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হলেও তা ভুল প্রমাণিত হয়েছে বলে দাবি করেন মমতা।

তিনি ভারতের নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, তাদের শেখা উচিত। গত কয়েকদিন আগেই বাংলাদেশে নির্বাচন হলো এবং সবাই ভেবেছিলেন সহিংসতা হবে, কিন্তু তারা শান্তিপূর্ণ উপায়ে ভোট করেছে।

ভারতের পরিস্থিতিকে লজ্জাজনক আখ্যা দিয়ে তিনি নির্বাচন কমিশনকে তুঘলকি কমিশন বলে অভিহিত করেন।

কমিশনকে আক্রমণ করে মমতা আরও বলেন, গণতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে যা রাজতন্ত্র বা তুঘলকি আমলেও দেখা যায়নি। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে লাখ লাখ ভোটারকে বাদ দেওয়া হচ্ছে এবং বিজেপিকে সুবিধা করে দিতেই ভোটার তালিকায় এই কারচুপি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ২০৯ আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট ৭৮টি আসনে জয়ী হয়ে সংসদে বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে নানা আশঙ্কা থাকলেও বাস্তবে নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language