প্রথম কার্যদিবসেই ক্রীড়াঙ্গন ঢেলে সাজাতে ৯ কর্মসূচির ঘোষণা দিলেন আমিনুল

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – নতুন সরকারের মন্ত্রীরা শপথ গ্রহণের পর আজ প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেছেন। কর্মদিবসের প্রথম দিন সাধারণত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময়ে পার হলেও ব্যতিক্রম ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে নয়টি কর্মসূচি ঘোষণা করেছেন। এসব কর্মসূচি বাস্তবায়নে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ কোন প্রতিষ্ঠান কী ভূমিকা রাখবে সেই তালিকাও প্রকাশ করা হয়েছে।
সাবেক এই জাতীয় ফুটবলার গত দেড় বছর ধরেই ক্রীড়াঙ্গন নিয়ে তার নানা পরিকল্পনার কথা জানিয়ে আসছিলেন যা তার দলের নির্বাচনী ইশতেহারেও স্থান পেয়েছিল। আজ প্রথম কর্মদিবসে তিনি সেসব পরিকল্পনা বাস্তবায়নের আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চারটি সংস্থা তথা জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া পরিদপ্তর, বিকেএসপি এবং ক্রীড়া কল্যাণসেবী ফাউন্ডেশন সম্মিলিতভাবে এই নয়টি কর্মসূচি বাস্তবায়ন করবে। ফুটবল ও ক্রিকেটের বাইরে অন্য খেলার অ্যাথলেটরা সচরাচর খুব বেশি সুযোগ সুবিধা পান না।
এই বৈষম্য দূর করতে তিনি জাতীয় দলের সকল খেলোয়াড়কে বেতনের আওতায় আনা এবং খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতির উদ্যোগ নিয়েছেন। এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগ, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিকেএসপি। এছাড়া চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার বিষয়টিও তদারকি করা হবে। ক্রীড়া সামগ্রীর জন্য বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই সরঞ্জাম তৈরি এবং ভবিষ্যতে তা রপ্তানির পরিকল্পনা রয়েছে প্রতিমন্ত্রীর। সরকারি অনুদানের স্বল্পতা কাটাতে বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানকে নির্দিষ্ট খেলা বা ফেডারেশনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে উপজেলা ক্রীড়া অফিস স্থাপন ও কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেওয়া হবে যা দেখভাল করবে ক্রীড়া পরিদপ্তর।
পাশাপাশি ৬৪ জেলায় ইনডোর ভিলেজ স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে বিকেএসপিকে। উল্লেখ্য, শপথ নেওয়ার পর মিরপুরের পল্লবীতে নিজ কার্যালয়ে আমিনুল হক জানিয়েছিলেন যে ক্রীড়া সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে তিনি কাজ করতে চান। এরই ধারাবাহিকতায় আগামী রোববার জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সঙ্গে তিনি আনুষ্ঠানিক মতবিনিময় করবেন।
এসএএস/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









