জাতীয়

তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক, ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সরকারের প্রথম ১৮০ দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি জানান যে সরকার ১৮০ দিনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবে।

নির্ধারিত সময়ের মধ্যে গৃহীত কর্মসূচিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এছাড়া আসন্ন রমজান মাসে জনজীবনে স্বস্তিদায়ক পরিবেশ বজায় রাখতে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবনা নিয়েও কাজ করার কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান যে জনগণের ম্যান্ডেট বা প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মো. নুরুল হক নুর বলেন যে দুর্নীতির প্রভাবমুক্ত হয়ে দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান জানান যে রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা প্রদান করেছেন।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language