জাতীয়

গেজেট প্রকাশ: সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৫ ও জামায়াত পেতে পারে ১৩টি

চট্টগ্রাম-২, ১৮ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৬টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন বা ইসি। প্রকাশিত গেজেট ও ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি জোট ৩৫টি এবং জামায়াত জোট ১৩টি আসন পেতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে। এবারের নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে এবং জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।

এছাড়া এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়ী হয়েছে। পাশাপাশি গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি, গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস প্রত্যেকে একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন মোট ৭টি আসনে। জাতীয় সংসদে একটি সংরক্ষিত নারী আসন পাওয়ার জন্য কোনো দল বা জোটের অন্তত ছয়জন নির্বাচিত সংসদ সদস্য থাকা প্রয়োজন। স্বতন্ত্র প্রার্থীরাও কোনো জোটে যুক্ত হয়ে নারী আসনের হিস্যায় আসতে পারেন।

তবে স্বতন্ত্ররা কোনো জোটে যোগ দিলে নারী আসনের চূড়ান্ত হিসাবে পরিবর্তন আসতে পারে। জানা গেছে ২৯৬টি আসনের গেজেট প্রকাশিত হয়েছে যার মধ্যে বিএনপি জোটের মোট আসন সংখ্যা ২১১টি এবং জামায়াত জোটের ৭4টি। স্বতন্ত্ররা ৭টি আসন পাওয়ায় তারাও সমীকরণের মাধ্যমে একটি সংরক্ষিত আসন পাওয়ার সম্ভাবনা রাখেন। এদিকে হাইকোর্টের আদেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের গেজেট স্থগিত রয়েছে এবং বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এছাড়া একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এই চারটি আসনের চূড়ান্ত ফয়সালা হলে নারী আসনের সংখ্যায় সামান্য রদবদল হতে পারে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান যে সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে ন্যূনতম ছয়টি নির্বাচিত আসন দরকার হয়। দলগুলো চাইলে জোটবদ্ধ হয়েও নারী আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এবং এতে আইনি কোনো বাধা নেই। ইসি আরও জানিয়েছে যে সংবিধান মোতাবেক সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে এসব আসনের ভোট আয়োজন করবে নির্বাচন কমিশন। নবনির্বাচিত সংসদ সদস্যরাই সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ভোট প্রদান করবেন। আইন অনুযায়ী শপথ নেওয়া সংসদ সদস্যদের তালিকা তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয় ইসিতে প্রেরণ করে এবং গেজেট প্রকাশের ২১ কার্যদিবসের মধ্যে দলগুলোকে তাদের প্রার্থী তালিকা জমা দিতে হয়।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language