মাদক কারবারিদের ধরিয়ে দেওয়ায় কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর, ১৮ ফেব্রুয়ারি – লক্ষ্মীপুরের রায়পুরে মাদক কারবারিদের পুলিশে ধরিয়ে দেওয়ায় কলেজছাত্র আশরাফুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাটে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে নিহত আশরাফুলের মায়ের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। সন্তানহারা মা বিলাপ করতে করতে বলেন, আমার কোনো বিচারের দরকার নেই, শুধু আমার বাবাকে এনে দাও। আমার বুকের হাহাকারটা তোমরা নিভিয়ে দাও। আমাকে একটু মা বলে ডাকলেই হবে।
আমি ভিক্ষা করে তোমাদের টাকা দেব, তবুও আমার বাবাকে এনে দাও। মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিব, নিহতের বাবা আজিজুল হক, বোন অন্তরা আক্তার ও মামা কে এম সালেহ আহমেদ প্রমুখ।
আশরাফুলের মামা জানান, এলাকার কয়েকজন মাদক কারবারিকে ধরতে পুলিশকে সহায়তা করায় ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা আশরাফুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। নিহতের বোন অন্তরা আক্তার অভিযোগ করেন, ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে এবং এখনো সব আসামি ধরা পড়েনি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, মামলার এজাহারভুক্ত চারজন আসামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর মধ্যে তিনজন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এছাড়া গ্রেপ্তারকৃত শাহীনের কাছ থেকে হত্যার ঘটনায় ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, রায়পুর রুস্তম আলী কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন আশরাফুল। গত ১৪ জানুয়ারি নাহিদ বেপারী ও শাহিন বেপারীসহ অভিযুক্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়।
পরে আশরাফুলকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হলে গত ২০ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ১৬ জানুয়ারি নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করে।
এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬








