চট্টগ্রাম বিভাগ

সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু

চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি – সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামের বাসিন্দারা পবিত্র মাহে রমজানের রোজা পালন শুরু করেছেন। মঙ্গলবার রাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সেহেরি খাওয়ার মাধ্যমে বুধবার থেকে তারা আনুষ্ঠানিকভাবে সিয়াম সাধনা শুরু করেন। প্রতি বছরের মতো এবারও একদিন আগেই রোজা পালন শুরু করেছেন এসব গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা।

মূলত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ প্রায় ২০০ বছর ধরে সৌদি আরবের চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজা ও ঈদ পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় বুধবার থেকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়াসহ বিভিন্ন স্থানে রোজা শুরু হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতি, মনেয়াবাদ, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা এবং লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চুনতি ও চরম্বা এলাকায় রোজা পালন করা হচ্ছে।

এছাড়া বাঁশখালী উপজেলার কালিপুর, জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা এবং আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ ও বরুমচড়া গ্রামেও রোজা শুরু হয়েছে। পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী, ভেল্লাপাড়া এবং বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির বেশ কয়েকটি গ্রামের লক্ষাধিক অনুসারী বুধবার প্রথম রোজা পালন করছেন। চট্টগ্রামের বাইরে পার্বত্য এলাকার লামা, আলীকদম, নাইক্ষংছড়ি এবং কক্সবাজারের টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ায় রোজা শুরুর খবর পাওয়া গেছে। পাশাপাশি নোয়াখালীর হাতিয়া, চাঁদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মানুষও সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে রোজা পালন করছেন।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language