অন্তর্বর্তী সরকারের কারো এই সরকারে যোগ দেওয়া সমীচীন নয়: জামায়াত আমির

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – অন্তর্বর্তী সরকারের কোনো সদস্যের বর্তমান সরকারে যোগ দেওয়া ‘ফেয়ার’ বা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সরকার দেশ ও জনগণের স্বার্থে কাজ করলে জামায়াতের পূর্ণ সহযোগিতা থাকবে, তবে জনস্বার্থের পরিপন্থী কোনো পদক্ষেপ নিলে তার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।
মঙ্গলবার শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ হারিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ তাদের আমানত পরিপূর্ণভাবে রক্ষা করতে পারেনি। গভীর রাতে শপথ গ্রহণের চিঠি পাওয়ার বিষয়টিকে তিনি ‘অস্বস্তিকর’ বলে অভিহিত করেন। জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা এবং গণভোটের রায়কে সম্মান জানানোর কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জনআকাঙ্ক্ষার বিপরীত এবং সংস্কারের বিরোধী।
বিএনপি যদি জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয় তবে তাদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া উচিত। জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মন্তব্য করেন, জুলাইয়ের চেতনাকে অসম্মান করে সংসদ গৌরবের আসনে বসতে পারে না। জামায়াত আমির আরও বলেন, দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত হোক এটাই তাদের চাওয়া। নির্বাচনের পর থেকে বিভিন্ন এলাকায় ভোট দেওয়ার জেরে নারী পুরুষের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সরকারের ভূমিকা ইতিবাচক হলে তারা সব ধরনের সহযোগিতা পাবেন বলে আশ্বস্ত করেন তিনি।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









