ভোক্তা পর্যায়ে স্বস্তি দিতে এলপি গ্যাসের ভ্যাট কমাল সরকার

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির ওপর প্রদেয় মূল্য সংযোজন কর বা ভ্যাট কমিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
শিল্পখাত ও গৃহস্থালি কাজের জন্য অপরিহার্য পণ্য এলপি গ্যাসের বাজার স্থিতিশীল রাখা এবং জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার লক্ষ্যে জনস্বার্থে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হতো।
তবে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ১৬ ফেব্রুয়ারি দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে আগামী ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের সাড়ে ৭ শতাংশ ভ্যাট এবং আমদানির ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে শুধুমাত্র এলপিজি আমদানি পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। আমদানি পর্যায়ে ভ্যাট আরোপপূর্বক স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করায় এলপিজি আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে মূল্য সংযোজনের ওপর আর কোনো ভ্যাট কার্যকর থাকল না।
প্রজ্ঞাপন দুটি কার্যকর হওয়ার ফলে এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে সাধারণ ভোক্তাদের ওপর আগের তুলনায় প্রায় ২০ শতাংশ মূসক বা ভ্যাট কমে আসবে।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









