পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এম সিরাজ উদ্দিন মিয়া।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিনের মাথায় শনিবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদের সঙ্গে চুক্তি বাতিল করে অন্তর্বর্তী সরকার। ওই দিনই পৃথক প্রজ্ঞাপনে মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছিল। তবে এর মাত্র একদিন পর সোমবার সেই দায়িত্ব নাসিমুল গনিকে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ২ অক্টোবর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি ১৯৮২ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। ২০০৯ সালে যুগ্মসচিব থাকাকালীন তাকে ওএসডি করা হয় এবং পরবর্তীতে ২০১৬ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসরে যান।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









