সুপ্রিম কোর্টের ৫ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।
নতুন নিয়োগপ্রাপ্ত পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা এবং মো. ওবায়দুর রহমান। নিয়োগপ্রাপ্তদের মধ্যে মো. ইছা ও মো. ওবায়দুর রহমান এতদিন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার ১৯৭২ এর ৩(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের এই পাঁচ আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।
একইসঙ্গে গত ২৮ আগস্টের এক স্মারকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে মো. ইছা ও মো. ওবায়দুর রহমানের নিয়োগ সংক্রান্ত আগের আদেশটি বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









