শপথের পর সংসদীয় দলের সভা ডাকল বিএনপি

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পরপরই সংসদীয় দলের সভা আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার সকালে শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদীয় দলের এই সভায় আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচন করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ীদের গেজেট প্রকাশ করে।
এতে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথের বাধ্যবাধকতা থাকায় মঙ্গলবার সকাল ১০টায় শপথ এবং বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









