সংগীত

এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা

নিউ দিল্লি, ১৬ ফেব্রুয়ারি – অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের বিরুদ্ধে এবার গান চুরির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে মামলার আবেদন করেছেন প্রখ্যাত ধ্রুপদী গায়ক ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে ইতিমধ্যে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়েছে।

অভিযোগের মূল বিষয়বস্তু হলো মণি রত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমার ‘বীর রাজা বীর’ গানটি। অভিযোগকারী দাবি করেছেন যে এ আর রহমান তার লেখা পুরানো গান ‘শিব স্তুতি’র একটি অংশ নকল করে ওই গানে ব্যবহার করেছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই তামিল ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল। শুনানিকালে আদালত মন্তব্য করেন যে ডাগর পরিবারের ধ্রুপদী সংগীতের ঐতিহ্যের কোনো পৃথক পরিচয়ের প্রয়োজন নেই কারণ বিশ্বজুড়ে তারা সমাদৃত। তবে বিচারকরা জানান যে প্রকৃত রচয়িতা কে তা তদন্ত করে দেখা প্রয়োজন।

কেবল গান গাইলেই কেউ রচয়িতা হন না এবং এর আগে অন্য কারো একই সুর ছিল না তা প্রমাণ করতে হবে। অন্যদিকে এ আর রহমানের আইনজীবী আদালতে জানান যে তার মক্কেল কখনোই অন্যের অধিকার দাবি করেন না বরং নিজের কাজের স্বত্বই কেবল দাবি করেন। প্রথম দিনের শুনানি শেষে আদালত কার্যক্রম স্থগিত করেছেন এবং আগামী শুক্রবার অর্থাৎ ২০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language