জাতীয়

দীর্ঘ ১৯ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – দীর্ঘ ১৯ বছর ক্ষমতার বাইরে থাকার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবারও সরকার গঠন করতে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর দেশবাসীর আস্থা প্রমাণিত হয়েছে। জানা গেছে কয়েক দিনের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে জনগণের পছন্দের সরকার শপথ গ্রহণ করবে।

বিগত এক এগারোর তত্ত্বাবধায়ক সরকার এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপিকে নেতৃত্বশূন্য করার নানা তৎপরতা ছিল বলে অভিযোগ রয়েছে। তারেক রহমানের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি একাধিক মামলা দায়ের করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপরও বিগত সরকারগুলোর নিপীড়নের অভিযোগ ছিল এবং তাঁকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত রাখার বিষয়টি আলোচিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের ইতিহাসে সুশাসনের সময় হিসেবে পরিচিত।

জোর করে যে জনগণের ভালোবাসা আদায় করা যায় না তা ২০২৪ সালের আগস্টে প্রমাণিত হয়েছে। ১৯৭৫ সালে ক্ষমতার পট পরিবর্তনের দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলেও পরবর্তীতে রাজনৈতিক অদূরদর্শিতার কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার মুখে পড়েছিল বিগত সরকার। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের পথ ধরে নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে এবং দেশবাসী সুশাসনের প্রত্যাশা করছে।

এসএএস/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language