ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে সম্পর্ক জোরদার করতে চায় বিএনপি

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে চায়। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যও রয়েছে দলটির। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমানের জ্যেষ্ঠ সহকারী ও উপদেষ্টা হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন যে ভবিষ্যৎ সরকার গঠনের পর অগ্রাধিকার ভিত্তিতে ভারতসহ এই অঞ্চলের অন্যান্য দেশে সফর করা হবে। তবে ভারত সফরের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারিত হয়নি। দ্বিপাক্ষিক সফরের বিষয়ে হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশ থেকে ভারতে যাওয়া বা ভারতীয় কর্মকর্তাদের বাংলাদেশে আসা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বিএনপি চায় এই সম্পর্কের পরিসর কেবল সরকারি পর্যায়ে সীমাবদ্ধ না রেখে জনগণের সব স্তরে বিস্তৃত করতে।
আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান টানাপোড়েনে বাংলাদেশ কোনো পক্ষ নেবে না বরং এই অঞ্চলে সম্পর্ক স্বাভাবিকীকরণের ওপর গুরুত্ব দেবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকারের নীতি ছিল অস্পষ্ট এবং একমুখী যা জনগণ নেতিবাচকভাবে গ্রহণ করেছিল। বিএনপি কোনো একক দেশের ওপর নির্ভরশীল পররাষ্ট্রনীতি থেকে সরে এসে পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এসএএস/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









