নারায়নগঞ্জ

৮ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ দুই ডাকাত গ্রেপ্তার, জব্দ তালিকা নিয়ে প্রশ্ন

নারায়ণগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি – নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণালংকার ও ডাকাতির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনা জেলার আমতলী থানার আমতলী পৌরসভা এলাকার মৃত ইউসুফ হাওলাদারের ছেলে অলিউল্লাহ হাওলাদার এবং একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে জাকারিয়া। পুলিশের দাবি অনুযায়ী রাত ৪টা ৪০ মিনিটে মুসলিমনগর নয়াবাজার এলাকার আব্দুল বাতেন মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৮ লাখ টাকা, প্রায় ৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকার, একটি সুইস গিয়ার চাকু, একটি স্টিলের চাপাতি, গ্যাস লাইটার হিটার ও গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করা হয়। তবে পুলিশের এই ভাষ্যের সাথে ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী ও বাড়ির মালিকের বক্তব্যের অমিল পাওয়া গেছে। বাড়ির মালিক আব্দুল বাতেন মিয়া জানান, অভিযুক্ত অলিউল্লাহ হাওলাদার গত সাত মাস ধরে তার বাড়ির নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। বাতেন মিয়ার দাবি অনুযায়ী রাত ১টার দিকে পুলিশ সদস্যরা ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে অলিউল্লাহ ও তার আত্মীয় জাকারিয়াকে আটক করেন।

ওই সময় ঘর থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার জব্দ করা হলেও কোনো জব্দ তালিকা তৈরি করা হয়নি বা বাড়ির মালিক ও অন্য ভাড়াটিয়াদের সামনে মালামাল গুনে দেখা হয়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ উদ্ধারকৃত মালামালের সঠিক তথ্য ঘটনাস্থলে প্রকাশ করেনি এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ নিয়ে তাদের মনে সন্দেহ রয়েছে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়ের করেছে। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে অভিযানের সময় আরও ৭ থেকে ৮ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

এসএএস/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language