স্মরণ

রফিক আজাদের জন্মদিনে রাহিতুল ইসলামের স্মৃতিচারণ ও একজোড়া জুতোর গল্প

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – আজ বরেণ্য কবি রফিক আজাদের জন্মদিন। এই বিশেষ দিনে কবির সঙ্গে কাটানো এক তাৎপর্যপূর্ণ স্মৃতির কথা তুলে ধরেছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম। ধানমন্ডির ১ নম্বর সড়কের ১৩৯/৪ নম্বর বাড়িতে কবির সান্নিধ্য পাওয়ার সেই দিনগুলোর কথা স্মরণ করেন তিনি।

রাহিতুল জানান, একদিন সকালে কবি তাকে বাগানের কোণে পড়ে থাকা একজোড়া কাদামাখা জুতো সেলাই ও রং করে আনতে বলেন। কোনো ব্যাগ বা আড়াল ছাড়াই সেই পরিত্যক্ত জুতো হাতে করে নিয়ে যেতে নির্দেশ দেন কবি। ধানমন্ডি ২ নম্বর রোড ও সিটি কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় পথচারী ও শিক্ষার্থীদের কৌতূহলী দৃষ্টি এবং টিপ্পনীর শিকার হতে হয় তাকে। পকেটের জমানো টাকা খরচ করে জুতো জোড়া নতুনের মতো করে নিয়ে আসার পর কবি রফিক আজাদ তাকে সেটি পুনরায় গাছের নিচে ফেলে দিতে বলেন।

লেখকের বিস্ময়ের জবাবে কবি তখন এক গভীর দর্শনের শিক্ষা দেন। তিনি বলেন, খালি হাতে এলে কেউ তাকায় না, কিন্তু হাতে অদ্ভুত কিছু থাকলে সবাই ফিরে তাকায়। লেখার ক্ষেত্রেও এমন কিছু থাকতে হবে যা মানুষের নজর কাড়তে বাধ্য করে। রফিক আজাদের সেই শিক্ষা আজও নিজের লেখার পাথেয় বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাহিতুল ইসলাম।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language