একই গ্রামের তিন বাসিন্দা নির্বাচিত সংসদ সদস্য, রাউজানের গহিরায় আনন্দের বন্যা

চট্টগ্রাম, ১৪ ফেব্রুয়ারি – চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রাম থেকেই এবার তিনজন এমপি নির্বাচিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে তিনটিতে জয়ী হয়েছেন এই গ্রামের বাসিন্দারা। তিনটি আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন তিনজন।
জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই গ্রামটিতে আনন্দের মাতম চলছে।
এই গ্রাম থেকে নির্বাচিত তিনজন এমপি হলেন— চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তার ভাতিজা এবং যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসন থেকে নির্বাচিত সাঈদ আল নোমান।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী ইলিয়াছ নূরী পেয়েছেন ২৭ হাজার ১৪৬ ভোট। এছাড়া জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহাজাহান মঞ্জু পেয়েছেন ২২ হাজার ১১৮ ভোট।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জয়ী হুম্মাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৩৯ হাজার ৪৮৫ ভোট।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন সাঈদ আল নোমান। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট। সাঈদ আল নোমান প্রয়াত মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে।
এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









