তারেক রহমান ও বিএনপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি – ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর একটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান।
পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সকল ভাইবোন ও জনগণকে শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক জানান। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য তিনি তারেক রহমান, তার দল এবং অন্যান্য দলকে অভিনন্দন জানাচ্ছেন। তিনি সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সবসময় বজায় থাকবে। এদিকে সারা দেশে ২৯৯টি আসনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে রাতের মধ্যেই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে যে বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা শুরু হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। তবে এই শপথের প্রক্রিয়া নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে।
এ এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









