উত্তর আমেরিকা

সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় নিহত ২, ক্যাম্পাসে লকডাউন

কলম্বিয়া, ১৩ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি ছাত্রাবাসে বৃহস্পতিবার রাতে সংঘটিত বন্দুক হামলায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। এই ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসজুড়ে লকডাউন জারি করার ঘোষণা দেয়।

সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে হিউজেইন স্যুটস ছাত্রাবাস কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি এবং হামলাকারী বা অভিযুক্ত ব্যক্তি এখনো পলাতক আছে কি না, সে বিষয়েও নিশ্চিত কিছু জানায়নি পুলিশ। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিহতদের পরিচয় কিংবা আহত ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি। সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে বর্তমানে তিন হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। অরেঞ্জবার্গ শহরে অবস্থিত ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি একটি এবং অন্যটি হলো ক্লাফলিন বিশ্ববিদ্যালয়। নদীতীরবর্তী এই কলেজশহরটি অঙ্গরাজ্যের রাজধানী কলম্বিয়া থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জননিরাপত্তা দপ্তরের ফোনলাইনে দায়িত্বরত একজন জানান, চলমান ঘটনাটি সম্পর্কে কোনো তথ্য দেওয়ার এখতিয়ার তার নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে তারা এই গুলিবর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সাউথ ক্যারোলিনা রাজ্য আইন প্রয়োগকারী বিভাগকে দায়িত্ব প্রদান করেছে। তদন্তের স্বার্থে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বিবেচনায় শুক্রবারের সব ক্লাস বাতিল ঘোষণা করা হয়েছে।

এ এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language