জাতীয়

ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ শেষে ফলাফল আসতে শুরু করেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এই আসনের ১৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৯ হাজার ৯৬২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২২৮ ভোট।

এর আগে প্রাথমিক পর্যায়ে দুটি কেন্দ্রের ফলাফলেও তারেক রহমান এগিয়ে ছিলেন, যেখানে তিনি ১ হাজার ৭৪ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ৪৫৭ ভোট পেয়েছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলে। পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে, বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালের পর এবারই সর্বাধিক ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৯ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি জালভোট এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনার খবর পাওয়া গেছে।

এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language