অ্যাপের মাধ্যমে ঘরে বসেই যেভাবে জানবেন ভোটের ফলাফল

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – বাংলাদেশে জাতীয় সংসদ বা স্থানীয় নির্বাচনের ফলাফল দ্রুত এবং নির্ভুলভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন বা ইসি।
সম্প্রতি তারা ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপ ব্যবহার করে ভোটাররা রিয়েল টাইমে ভোটের ফলাফল দেখার পাশাপাশি নির্বাচনী নানা তথ্য সহজে জানতে পারবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মেই অ্যাপটি পাওয়া যাচ্ছে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে ইংরেজিতে অ্যাপটির নাম লিখে সার্চ করলেই এটি ডাউনলোড করা যাবে।
ডাউনলোডের পর ফোনে এটি ইনস্টল করে ওপেন করতে হবে। সাধারণত ভোটের সামগ্রিক ফলাফল দেখার জন্য লগইন করার প্রয়োজন হয় না। তবে ব্যক্তিগত ভোটার তথ্য বা ইভিএম সম্পর্কিত বিস্তারিত জানতে চাইলে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর দিয়ে নিবন্ধন করতে হতে পারে। লগইন করার মাধ্যমে ভোটার নিজের ভোটকেন্দ্র এবং ভোটার স্ট্যাটাস সম্পর্কেও নিশ্চিত হতে পারবেন।
ফলাফল দেখার জন্য অ্যাপের হোম স্ক্রিনে থাকা নির্দিষ্ট অপশনে গিয়ে নির্বাচনের ধরন বাছাই করতে হবে। এরপর জেলা ও উপজেলা বা ওয়ার্ড নির্বাচন করলে কাঙ্ক্ষিত এলাকার ফলাফল দেখা যাবে। অ্যাপটিতে ভোটের লাইভ আপডেট দেখার সুযোগ রয়েছে। ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সরাসরি অ্যাপে যুক্ত করা হয়। এখানে প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা এবং ভোটের শতাংশ গ্রাফ বা চার্টের মাধ্যমে উপস্থাপন করা হয়, যার ফলে সহজেই জয়-পরাজয়ের চিত্র বোঝা সম্ভব হয়।
এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









