বরিশাল

বাবুগঞ্জে ভোটকেন্দ্রের নিকট থেকে বিএনপি নেতা আটক, সাংবাদিকদের বাধার অভিযোগ

বরিশাল, ১২ ফেব্রুয়ারি – বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা রাজন শিকদারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। আটককৃত রাজন শিকদার রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজকর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মীদের জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে এসেছিলেন তিনি। ওই সময় ভোটকেন্দ্র থেকে আনুমানিক ৪০০ গজ দূরে অবস্থানকালে সেনাবাহিনীর একটি টহল দল তাকে আটক করে গাড়িতে তোলে। আটকের দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে এবং কয়েকজনের মুঠোফোন কেড়ে নেওয়া হয় বলেও জানা যায়। এদিকে আটকের খবর পেয়ে রাজনের পরিবারের নারী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর গাড়ির সামনে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে মৃদু লাঠিচার্জের ঘটনা ঘটে।

ঠিক সেই মুহূর্তে বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন ঘটনাস্থলে উপস্থিত হন এবং তার সঙ্গে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করে। পরবর্তীতে সেনাবাহিনীর গাড়িতে করে রাজন শিকদারকে বাবুগঞ্জ উপজেলার দিকে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা জানান যে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language