ফরিদপুরে ভোটকেন্দ্রে টাকা বিতরণের দায়ে বিএনপি প্রার্থীর এজেন্টের জরিমানা

ফরিদপুর, ১২ ফেব্রুয়ারি – ফরিদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের ভেতরে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে জরিমানা করেছেন বিচারিক আদালত। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-৩ আসনের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদরাসা ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত তানজির ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি-২১৩ এর চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন। বিচারিক সূত্র জানায় প্রিজাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগের ভিত্তিতে তানজির ইসলামকে আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে ভোটারদের নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে প্ররোচিত করার উদ্দেশ্যে অর্থ বিতরণের অভিযোগ ওঠে। নির্বাচনী আইন ২০২৫ এর ১৩(চ) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত দোষ স্বীকার করায় তাকে এই দণ্ড দেওয়া হয়। এদিকে ফরিদপুরের চারটি আসনে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফরিদপুর-১ আসনে বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম এবং জামায়াতের ড. ইলিয়াস মোল্লা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
ফরিদপুর-২ আসনে ১১ দলের শাহ আকরাম আলী এবং বিএনপির শামা ওবায়েদ ভোট দিয়েছেন। এছাড়া ফরিদপুর-৩ আসনে বিএনপির চৌধুরী নায়াব ইউসুফ ও জামায়াতের প্রফেসর আবদুত তাওয়াব এবং ফরিদপুর-৪ আসনে বিএনপির শহিদুল ইসলাম বাবুল ও জামায়াতের মাওলানা সরোয়ার হোসেন সকালে ভোট প্রদান করেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে জেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন এবং ১৫৪টি কেন্দ্রকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের নিরাপত্তায় ৭১৬ জন সেনা সদস্য ও ১৩ প্লাটুন বিজিবিসহ বিপুল সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।
এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









