সাদা পাজেরোতে এসে চট্টগ্রামে ভোট দিলেন তামিম ইকবাল

চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারি – জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল চট্টগ্রামে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি নগরীর আসকারদিঘির পাড় এলাকায় অবস্থিত আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন। এদিন সকালে একটি সাদা রঙের পাজেরো গাড়িতে চড়ে কেন্দ্রে আসেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে সর্বমোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৩ জন।
এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









