কুমিল্লা

দেবিদ্বারে ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ, জয়ের ব্যাপারে আশাবাদী

কুমিল্লা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন কুমিল্লা-৪ তথা দেবিদ্বার আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। তিনি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ভোট প্রদান শেষে হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে জানান যে ভোটের পরিবেশ শেষ পর্যন্ত সুন্দর থাকবে বলে তিনি আশা করছেন। তিনি অভিযোগ করে বলেন গত দুই দিন জুলাই আন্দোলনে হামলাকারীরা ভোটারদের ভয় দেখানোসহ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। তারা চেয়েছিল যেন উৎসবমুখর পরিবেশ না থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হাসনাত আরও জানান এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে কোনো প্রক্রিয়াগত জটিলতার খবর তার কাছে আসেনি। তিনি যেকোনো ধরনের শঙ্কা ও সহিংসতামুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন ভোট ভয়ের কিছু নয় বরং উৎসবের এবং মানুষ যার যাকে ইচ্ছা তাকেই ভোট দেবে। দেবিদ্বারে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে বলেও তিনি মন্তব্য করেন। অন্যদিকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুমিল্লা জেলার ১১টি আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে জেলার ১ হাজার ৪৯১টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং প্রার্থীরাও কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language