গোপালগঞ্জে তিনটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

গোপালগঞ্জ, ১১ ফেব্রুয়ারি – গোপালগঞ্জের তিনটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বুধবার রাত সাড়ে সাতটা ও সাড়ে আটটার দিকে গোপালগঞ্জ সদর এবং টুঙ্গিপাড়া উপজেলায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রায় একই সময়ে টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনেও ককটেল নিক্ষেপ করা হয়। এরপর রাত সাড়ে আটটার দিকে জেলা শহরের বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কে বা কারা নিলারমাঠ এলাকায় এবং শহরের বীণাপানি স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনের সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ জড়িতদের শনাক্ত করতে কাজ করছে।
এনএন// ১১ ফেব্রুয়ারি ২০২৬









