দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে ‘চান্দাবাজ’ ওয়েবসাইট চালু করলেন নাসিরুদ্দীন

ঢাকা-৮, ১১ ফেব্রুয়ারি – দেশজুড়ে চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি ‘চান্দাবাজ’ নামে একটি নতুন ওয়েবসাইট চালু করেছেন।
বুধবার বিকেলে এই ওয়েবসাইটটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এখন থেকে ব্যবহারকারীরা chandabaaj.com লিংকে প্রবেশ করে সরাসরি ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন। জানা গেছে, ওয়েবসাইটটি চালু হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যে চাঁদাবাজির অন্তত ৮টি রিপোর্ট জমা পড়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাপ্ত অভিযোগগুলো গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে নাসিরুদ্দীন পাটওয়ারী জানান, নিজ এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটতে দেখলে কালক্ষেপণ না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ ওয়েবসাইটে তাৎক্ষণিক রিপোর্ট করতে হবে। এর ফলে অপরাধীদের দ্রুত চিহ্নিত করা এবং তাদের আইনের আওতায় আনা সহজ হবে। তিনি আরও উল্লেখ করেন যে, তারা যে স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন, সেখানে কোনো চাঁদাবাজের স্থান নেই।
এসএএস/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









