ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, ১১ ফেব্রুয়ারি – ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে জেলা পরিষদ মার্কেটের সংলগ্ন রেলগেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এ সময় স্টেশনে পৌঁছানোর আগেই জেলা পরিষদ রেলগেটের সামনে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন ওই ব্যক্তি।

এতে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language