নারায়নগঞ্জ

বিএনপির নেতাকর্মীদের পরিবর্তে দুর্বৃত্তদের খোঁজার আহ্বান নজরুল ইসলাম আজাদের

নারায়ণগঞ্জ-২, ১১ ফেব্রুয়ারি – প্রশাসনের উচিত বিএনপির নেতাকর্মীদের পেছনে অযথা সময় নষ্ট না করে প্রকৃত অপরাধী ও দুর্বৃত্তদের খুঁজে বের করা। বুধবার দুপুরে আড়াইহাজারের পাঁচরুখি এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ।

তিনি অভিযোগ করেন যে প্রশাসন কেবল বিএনপির কর্মীদের হয়রানি করছে অথচ দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান সাধারণ জনগণের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা করছেন। সংবাদ সম্মেলনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে টাকা বিতরণের সুনির্দিষ্ট অভিযোগও উত্থাপন করেন। তিনি দাবি করেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ম্যানেজারদের টাকা বিতরণের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও থানা পুলিশ এমনকি সেনাবাহিনীকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানান।

এ এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language