জাতীয়

নির্বাচনী ছুটিতে যমুনা সেতুতে গাড়ির চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় প্রায় ৩ কোটি

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চারদিনের ছুটিতে নাড়ির টানে গ্রামের বাড়িতে ফিরছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকা।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গগামী ও ঢাকাগামী লেনে এই বিপুল সংখ্যক যানবাহন চলাচল করেছে। এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের ছুটিতে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ যাতায়াত করছে বলে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। মহাসড়কে যানজট এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language