জাতীয়

শুরু হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট বিতরণ, সন্ধ্যায় সিইসির ভাষণ

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। ভোটের আগের দিন বুধবার সকাল থেকেই নির্ধারিত বিতরণ কেন্দ্রগুলো থেকে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা এসব সামগ্রী বুঝে নিচ্ছেন।

ঢাকা-১৩ আসনের নির্বাচনি সামগ্রী বিতরণের কাজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্র থেকে বেলা সোয়া ১১টার দিকে শুরু হয়।

সহকারী প্রিজাইডিং অফিসার ফারহানা বিলকিস জানান যে সকাল ১০টা থেকেই তারা বিতরণের জন্য প্রস্তুত ছিলেন। তবে প্রিজাইডিং অফিসাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে মালামাল বুঝে নিচ্ছেন বলে কার্যক্রমে কিছুটা সময় লেগেছে। প্রিজাইডিং অফিসাররা সমস্ত সামগ্রী বুঝে নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে রওয়ানা হচ্ছেন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে আসনভিত্তিক প্রার্থীর নাম ও প্রতীকসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছিল। এতদিন এসব সামগ্রী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষিত ছিল যা এখন কেন্দ্রে পৌঁছানো হচ্ছে।

এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৯৯ আসনে ২০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সারা দেশে মোট ১২ কোটি ৭৭ লাখেরও বেশি ভোটারের জন্য ৪২ হাজার ৯৫৮টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্রে সশরীরে ভোটগ্রহণ হবে এবং বাকি ২৯৯টি কেন্দ্রে পোস্টাল ভোট গণনা করা হবে।

নির্বাচন উপলক্ষ্যে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার।

এনএন// ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language