পটুয়াখালীর দুমকিতে ভোটকেন্দ্রে টায়ারে আগুন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালী, ১১ ফেব্রুয়ারি – পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি সাইক্লোন শেল্টারের ভোটকেন্দ্রে টায়ারে আগুন জ্বালিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত টায়ারে আগুন জ্বালিয়ে সেটি ভোটকেন্দ্রের ভেতরে ছুড়ে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তবে এতে ভোটকেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর কেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা যায়নি।
স্থানীয় বাসিন্দা ফেরদৌস আলম জানান, সাইক্লোন শেল্টারে চলমান স্কুলের নিচতলার একটি কক্ষের জানালা দিয়ে কে বা কারা আগুন জ্বালানো টায়ার ছুড়ে দেয়। মসজিদে থাকা কয়েকজন মুসল্লি আগুন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হন। তিনি বলেন, ভোটকেন্দ্র এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হতে পারে।
এদিকে আগুন দেওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, রাতে দুর্বৃত্তরা টায়ারে আগুন লাগিয়ে পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে কেন্দ্রের তেমন কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।
এনএন/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









