নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটির সময়ে ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসাথে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোনো সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে তা দ্রুত নিকটস্থ থানায় জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ছুটির দিনগুলোতেও বিদ্যুৎ বা গ্যাস বিলের মতো ইউটিলিটি বিল পরিশোধ সেবা চালু থাকবে। তবে এই সময়ে এক ব্যাংকের হিসাব থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর বা ইন্টারব্যাংক ইনস্ট্যান্ট ট্রান্সফার সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনে অবৈধ অর্থের ব্যবহার ঠেকাতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যক্তি পর্যায়ে লেনদেনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গত রবিবার পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ৯ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা ব্যক্তিগত হিসাবের লেনদেনে নির্দিষ্ট সীমা মানতে হবে।
এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









