ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭

ফরিদপুর, ১০ ফেব্রুয়ারি – ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ঢাকা ও বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়া মাঠ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সুপারিভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের একাধিক টিম। উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে গিয়ে দেখা যায় আহত ১৭ জন যাত্রীই শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
তাদের মধ্যে রাহাত নামের এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম জানান দুর্ঘটনায় আহত হয়ে এ পর্যন্ত ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধারে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন।
এ এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









