জাতীয়

আসন্ন নির্বাচনে ৪ লাখ ৭১ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

বাংলাদেশ, ১০ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসীদের পাঠানো ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া ৫ লাখ ২ হাজার ৪৮৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।

এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। ইসির তথ্য অনুযায়ী দেশের ভেতরে ৫ লাখ ৮০ হাজার ৮৪১ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন ভোট দিয়েছেন এবং ৫ লাখ ৪০৮ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ১৫৪টি ব্যালট গ্রহণ করেছেন। সালীম আহমাদ খান আরও জানান এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন।

এ এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language