চট্টগ্রাম বন্দরের আন্দোলনের সমন্বয়ক ইব্রাহীম খোকন আটক

চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি – চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান লাগাতার ধর্মঘট স্থগিত হওয়ার পরদিনই তাকে আটক করা হলো।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, র্যাবের একটি দল ইব্রাহীম খোকনকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শুরু করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। পরে এই কর্মবিরতি বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে লাগাতার কর্মসূচিতে রূপ নেয়। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ইব্রাহীম খোকন, যিনি বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এদিকে, চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর নেতারা ইব্রাহীম খোকনকে আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন।
সংগঠনটির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রশাসন শান্তিপূর্ণ সমাধানের পথ বাদ দিয়ে বারবার শ্রমিকদের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, গতকাল (রোববার) বন্দরের পাঁচজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ আবার ইব্রাহীম খোকনকে আটক করে প্রশাসন পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার উস্কানি দিচ্ছে।
চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা অবিলম্বে ইব্রাহীম খোকনের মুক্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন— জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, শ্রম সংস্কার কমিশনের সদস্য ও টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, স্কপ চট্টগ্রাম জেলার সমন্বয়ক এস কে খোদা তোতন ও ইফতেখার কামাল খান, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খোরশেদুল আলম, বিএফটিইউসির সভাপতি কাজী আনোয়ারুল হক হুনি, বিএলএফের সভাপতি নুরুল আবসার তৌহিদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির এবং বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন।
এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









