দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই পাইলট নিহত

সিউল, ৯ ফেব্রুয়ারি – দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালীন একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনাসদস্য ও অপরজন প্রশিক্ষক পাইলট ছিলেন।
সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটির গ্যাপিয়ং জেলায় এই দুর্ঘটনা ঘটে।
বিধ্বস্ত হেলিকপ্টারটি এএইচ-১এস মডেলের কোবরা অ্যাটাক হেলিকপ্টার।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় হেলিকপ্টারটি হঠাৎ মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে দুইজন চালক ছিলেন। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় উভয়েই মৃত্যুবরণ করেন।
প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, ইঞ্জিন চালু রেখে জরুরি অবতরণের মহড়া চলার সময় হেলিকপ্টারটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং এর ফলেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এএইচ-১এস কোবরা মডেলের সব হেলিকপ্টারের উড্ডয়ন ও কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ।
এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









